Showing posts with label অসা-ছন্দ্য. Show all posts
Showing posts with label অসা-ছন্দ্য. Show all posts

Sunday, November 6, 2016

পাগলছানা

ওই যে আছে ঘোর-প্যাঁচানি, মুখটা করে হাঁড়ি
সাতসকালেই বলবে উঠে, আজকে শুধু আড়ি

সারা দুপুর ফুলে আছে, ঘাড়ের কটি রোঁয়া
কানের থেকে যাচ্ছে বয়ে গলগলিয়ে ধোঁয়া

ঝটপটিয়ে ঝাপটে ডানা, আশপাশে তার আসতে মানা
বিড়বিড়িয়ে বকছে কিসব, কাগের নয়ত বগের ছানা

ভাবছ বুঝি আপনভোলা, মাথায় আছে অঢেল ছিট
ভুল নয়কো, ঠিকই, তবে পেলেই তোমায় করবে টিট

দেখতে ওরম ভোম্বলরাম, মোটেই নয়কো হাঁদা
ওপর থেকেই ঝাপটে ডানা, লাগায় চোখে ধাঁধা

সত্যি বলছি, অ্যাইসা জোরে, ধরতে হবে কানদুটো
বাদ যাবে না, মিলিয়ে নিও, একটা-দুটো চুলমুঠো

চিড়বিড়িয়ে, তিড়বিড়িয়ে, যেই না দেবো কিলচাঁটি
রাগটা ব্যাটা, সেই পালাবে, দেখতে গিয়ে চোখদুটি

Thursday, November 3, 2016

ছোটবাবু

হেড অফিসের ছোটোবাবু, লোকটি বেজায় শান্ত
শুধু সকাল থেকে রাতের বেলা, দেখায় উদভ্রান্ত

ঝাঁকড়া চুলে পাখির বাসা, গোটাকয়েক উকুন তায়
ধরে পাশে বসিয়ে দিলে, ভামের ব্যাটাও অক্কা পায়

জামার রঙটি ধরতে পারে, এমন কারুর সাধ্য নেই
বলবে যখন অনেক কথা, সামনে কেবল বসতে নেই

বলবে যাহা, নাড়বে মাথা, বাবু আমার বাধ্যটি
চেয়ার থেকে ওঠায় তাকে, এমন কারুর সাধ্য কি!

কাজ পড়েছে, অনেক বুঝি? না হে, তোমার চিন্তা নেই
মনের সুখে আরাম করো, তোমার কাজও করবে সে'ই

যতই করো লম্ফঝম্প, যতই বলো "তফাৎ যাও"
লাভ নেইকো! ঠ্যাংটি তুলে, আরাম করে লস্যি খাও

দিনের শেষে, রাতের বেলা, আপিস যখন বেবাক খালি
ওই দেখোনা, এক কোনাতে, জ্বলছে আলো একটি খালি

রাত হয়েছে, ভাবছো বুঝি, ছোটোবাবু ফিরবে কি?
মিছেই তুমি ভাবছ এত, দাঁড়িয়ে আছে ট্যাক্সিটি

আপনমনে গুড়গুড়িয়ে, পেরিয়ে সিঁড়ির প্রান্তটি
যে যাই বলো, মানতে হবে, লোকটা বড় শান্তটি!

Friday, September 30, 2016

অবাকখুড়ো

সবাক-বনের অবাকখুড়ো, দুলতো দোলা দোলনাতে
আকাশপানে দেখত চেয়ে, মন ছিল না খেলনাতে

দিনের বেলা মেঘের খেলা, কিংবা কিছু শালিক-চিল
সেই না দেখেই, দুইপা নেচে, বলত খুড়ো "ছু-গিল-গিল"

কিন্তু যদি বৃষ্টি হত, পড়ত জোরে জলের তোড়
অমনি খুড়ো, আগুন জ্বেলে, রাঁধত একটা আস্ত থোড়

শীতের বেলায়, একটু যখন, ঠান্ডা হাওয়া বইত বেশ
গাছের নীচে চুপটি বসে, বাঁধত কষে চারটি কেশ

ভোরের বেলায়, চারটি কলা, রাখত ভাঙা আয়নাতে
দুপুর হলে দশটি মুলো, রাতের বেলায় খায় না সে

ভাবছ জানি - লিখছে কিসব, গেছেই বোধহয় মাথাখানি
চোখটি বোজো, অমনি পাবে, সবাক-বনের হাতছানি

Wednesday, July 15, 2015

ইচ্ছেগুলো যত

অদ্ভুত সব ইচ্ছেগুলো, না সাদা না কালো
ওলটপালট ঘুরছে যত
গাছের পাতা ঝরছে তত
তবু বলছে, ইচ্ছেগুলো, পাগল হওয়াই ভালো

বরফঢাকা প্রান্তর, আর সামনে পাহাড় জঙ্গল
পথচলা পথ ক্লান্ত
দিতে চায় আজ ক্ষান্ত
তবু ধিকি ধিকি করে জ্বলছে আগুন, হবে কি কখনও শান্ত?

ফিরে যেতে চায়, ডুবে যেতে চায়
ওই হালকা আলোয় ভেসে থাকা মুখ
ছিঁড়ে যাওয়া বুকে ভেসে থাকা সুখ
বার বার শুধু ছুঁয়ে যেতে চায়...

...ওই উষ্ণ কানের লতি

আহ, মন, তুই চুপ করে যা
তুই বড় চঞ্চলমতি